সংরক্ষিত মহিলা আসনের এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত
রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ গতকাল সোমবার (১৮ মে) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ভূমিকা, নারী নেতৃত্বের বিকাশ এবং জাতীয় উন্নয়নে তাদের কার্যকর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী নারী প্রতিনিধিদের জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে নারী ক্ষমতায়ন জোরদারে গুরুত্বারোপ করেন তিনি। সভায় বিভিন্ন সংসদ সদস্য তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। দেশের উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টরা জানান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভা ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।