২২ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা জিতল আর্সেনাল
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে আর্সেনাল। মঙ্গলবার বোর্ন মাউথের মাঠে ম্যানচেস্টার সিটি সমতা করে ১-১ ব্যবধানে শেষ করায় এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয় মিকেল আরতেতার দলের। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে বোর্নমাউথের বিপক্ষে জয়ের প্রয়োজন ছিল সিটির। তবে ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে তারা। ইলি জুনিয়র কোপির গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। এরপর একাধিক আক্রমণ চালিয়েও নির্ধারিত সময়ে গোল শোধ করতে ব্যর্থ হয় দলটি।
ম্যাচের শেষদিকে এরলিং হলান্ড গোল করে সমতা ফেরালেও জয় না পাওয়ায় শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে যায় ম্যানচেস্টার সিটির। ৩৭টি খেলা শেষে সিটির সংগ্রহ ৭৮ পয়েন্ট। সমান সংখ্যক খেলায় আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। দুই দলেরই একটি করে খেলা বাকি থাকলেও গাণিতিক হিসাবে আর আর্সেনালকে টপকানো সম্ভব নয় সিটির পক্ষে। ফলে আনুষ্ঠানিকভাবে শিরোপা নিশ্চিত হয় আর্সেনালের।
এটি আর্সেনালের ইতিহাসে ১৪তম শীর্ষ লিগ শিরোপা। সর্বশেষ তারা ২০০৩-০৪ মৌসুমে এই শিরোপা জিতেছিল। অন্যদিকে এই ফলাফলের কারণে বোর্নমাউথ আগামী মৌসুমে প্রথমবারের মতো ইউরোপের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করেছে। দলটির কোচ আন্দোনি ইরাওলার অধীনে দলটি এখন আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছে।