বিশ্বকাপের আগে দুঃসংবাদ, ভাঙা আঙুল নিয়েই ইউরোপা জিতলেন মার্তিনেজ
বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তার খবর পেল আর্জেন্টিনা শিবির। অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্মআপের সময় হাতের আঙুলে চোট পান। পরে জানা যায়, তার আঙুল ভেঙেই গিয়েছিল। তবে সেই চোট নিয়েই মাঠে নেমে দলকে এনে দিয়েছেন বহু প্রতীক্ষিত শিরোপা। বুধবার রাতে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যাস্টন ভিলা। ম্যাচজুড়ে দুর্দান্ত গোলকিপিং করেন মার্তিনেজ। কয়েকটি গুরুত্বপূর্ণ সেভের পাশাপাশি ক্লিনশিটও ধরে রাখেন তিনি।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মার্তিনেজ জানান, ওয়ার্মআপের সময় বল ধরতে গিয়ে তার আঙুল ভেঙে যায়। তিনি বলেন, এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হননি। বল ধরার সময় আঙুল সরে যাচ্ছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে এটিকে দুর্ভাগ্য হিসেবে না দেখে লড়াইয়ের অংশ হিসেবেই নিয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
চোট পাওয়ার পর চিকিৎসকদের সহায়তায় কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন মার্তিনেজ। পরে আঙুলে ব্যান্ডেজ বেঁধে আবার মাঠে ফেরেন এবং শুরু থেকেই গোলপোস্ট সামলান দৃঢ়তার সঙ্গে। ফাইনালে শুরু থেকেই দাপট দেখায় অ্যাস্টন ভিলা। ইউরি টিলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্সের গোলে এক ঘণ্টার মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। আর গোলপোস্টে মার্তিনেজের দুর্দান্ত উপস্থিতিতে ম্যাচে আর ফিরতে পারেনি প্রতিপক্ষ ফ্রাইবুর্গ।
তবে এই চোট নিয়ে এখন উদ্বেগ তৈরি হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে মার্তিনেজের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও তিনি নিজে বেশ আত্মবিশ্বাসী। শিরোপা জয়ের আনন্দ প্রকাশ করে তিনি বলেন, এখন উদযাপনের সময়, এরপর পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপে।