ধর্ষণ-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়, নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন : মির্জা ফখরুল
সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব ঘটনা দীর্ঘদিন ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়বদ্ধতার সংকট এবং মানবিক মূল্যবোধের দ্রুত অবনতির ভয়াবহ প্রতিফলন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগ বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ।
মির্জা ফখরুল বলেন, পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠনসহ সমাজের প্রতিটি মানুষকে এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি মনে করেন, ভবিষ্যৎ প্রজন্মকে সম্মানবোধ, মানবিকতা, দায়িত্বশীলতা এবং নারীর মর্যাদা সম্পর্কে সঠিক শিক্ষা দেওয়া জরুরি।
তিনি আরও বলেন, দেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানেই বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। একটি ভয়মুক্ত ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।