শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিলের ঘোষণা
রাজধানীতে সাম্প্রতিক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মশাল মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলামোটর মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্টারে দেখা যায়, শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, “তনু, আছিয়া, রামিসা বিচার থাকে ঝুলিয়া! ঘোষণায় বলা হয়েছে, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিচার নিশ্চিত এবং দোষীদের দ্রুত শাস্তির দাবিতে এ মশাল মিছিল অনুষ্ঠিত হবে। এতে দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন ঘটনায় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছে।