নিরাপত্তাজনিত কারণে অস্থায়ী অফিস বন্ধের ঘোষণা নাসির উদ্দিন পাটোয়ারী
নিরাপত্তাজনিত কারণে রাজধানীর মতিঝিলে হোটেল পারাবাতের গ্যারেজে পরিচালিত অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারী।
তার পোস্টে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্বের ওই স্থানে কোনো সাংগঠনিক বা প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে না। এখন থেকে সব কার্যক্রম রূপায়ণ টাওয়ারের ১৫তম তলা থেকে পরিচালিত হবে। পোস্টে ঢাকা-০৮ আসনের সর্বস্তরের জনগণসহ দেশের বিভিন্ন প্রান্তের শুভানুধ্যায়ীদের নতুন অফিসে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
নাসির উদ্দিন পাটোয়ারী তার পোস্টে উল্লেখ করেন, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ছাড়া নিরাপত্তা নিয়ে সতর্কবার্তায় বলা হয়, কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।