জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন আজ, লড়াইয়ে বাংলাদেশের খলিলুর রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় এবং নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের প্রচলিত আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত করা হবে। এ নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নিচ্ছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকোরিস।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এ পদের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে একই সময়ে ফিলিস্তিনও প্রার্থী হওয়ায় বাংলাদেশ প্রার্থিতা স্থগিত রাখে। পরে ফিলিস্তিন তাদের প্রার্থী প্রত্যাহার করলে বাংলাদেশের প্রার্থিতা পুনরায় সক্রিয় হয়। পরবর্তীতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলে খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচনে তিনি বিজয়ী হলে প্রায় চার দশক পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। গত ১৩ মে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে খলিলুর রহমান নির্বাচিত হলে ‘সবার সভাপতি’ হিসেবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সাধারণ পরিষদের কার্যক্রমকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে ছয় দফা কর্মপরিকল্পনাও তুলে ধরেন।
ওই অনুষ্ঠানে পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকা নিয়ে প্রশ্ন উঠলে খলিলুর রহমান জানান, প্রয়োজন হলে সরকার তাকে নির্দিষ্ট সময়ের জন্য অব্যাহতি দিতে পারে অথবা তিনি ছুটিতে যেতে পারেন। এ বিষয়ে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে বহাল থাকবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বিদ্যমান নিয়ম অনুযায়ী এ দায়িত্ব পালনে কোনো আইনি জটিলতা নেই।
নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং কূটনৈতিক দক্ষতার কারণে খলিলুর রহমান শক্ত অবস্থানে রয়েছেন। তিনি নির্বাচিত হলে তা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে।