দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২২৬ টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ২২৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজার ও কাঁচা স্বর্ণের দামের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ছে। এর ধারাবাহিকতায় বাজুস নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করল।