বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন দীনেশ ত্রিবেদী
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দীনেশ ত্রিবেদী। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ‘লেটারস অব ক্রিডেন্স’ গ্রহণ করেছেন। ভারতের হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, ৫ জুন ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত (হাই কমিশনার-ডিজাইনেট) দীনেশ ত্রিবেদী ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে তাঁর নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক স্বীকৃতিপত্র গ্রহণ করেন। এর মাধ্যমে বাংলাদেশে ভারতের নতুন কূটনৈতিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো। শিগগিরই তিনি ঢাকায় এসে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে চলমান যোগাযোগ আরও জোরদারে নতুন হাইকমিশনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, কোনো দেশে রাষ্ট্রদূত বা হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের আগে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানের কাছ থেকে ‘লেটারস অব ক্রিডেন্স’ গ্রহণ করা একটি স্বীকৃত কূটনৈতিক প্রক্রিয়া।