চাঁদপুরে এনসিপিতে চার মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক নেতাকর্মীর যোগদান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠান রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে চারজন বীর মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। শুক্রবার উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে বড় ধরনের জনসমাগম দেখা যায়। আয়োজকদের দাবি, বিএনপি, গণঅধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে আগত নেতাকর্মীরা এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিন, সদস্য সচিব ইমাদ এবং চেয়ারম্যান পদপ্রার্থী ইদ্রিস আলীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।