রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ডাউনিং স্ট্রিটে গুরুত্বপূর্ণ বৈঠক আজ
ইউক্রেন সংকট এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজ রোববার লন্ডনের ডাউনিং স্ট্রিটে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন ইউরোপের শীর্ষ নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস অংশ নেওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি এবং কূটনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ করে দেন, যা শান্তি আলোচনার সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে।
যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি শুরু থেকেই ইউক্রেনের প্রধান মিত্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে লন্ডন ও প্যারিস যৌথভাবে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে, যার লক্ষ্য ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা এবং সম্ভাব্য শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া।
এদিকে যুদ্ধক্ষেত্রেও উত্তেজনা অব্যাহত রয়েছে। শনিবার ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া না গেলেও এ হামলা ইউক্রেনের দূরপাল্লার সামরিক সক্ষমতার নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ বাহিনীর ড্রোন ও গোলাবর্ষণে অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, রুশ সেনারা অঞ্চলটির তিনটি জেলায় প্রায় ৩০ দফা হামলা চালিয়েছে।
এর আগে সপ্তাহের শুরুতেও রাশিয়ার হামলায় ইউক্রেনে একজন নিহত এবং তিন শিশুসহ অন্তত ১৫ জন আহত হন। একই সময়ে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী শত শত দূরপাল্লার রুশ ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে।
বিশ্লেষকদের মতে, সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়লেও দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে থাকায় যুদ্ধ অবসানের সম্ভাবনা অনিশ্চিতই রয়ে গেছে।