সাক্ষাৎকারে বিতর্কের জেরে মাইক্রোফোন খুলে চলে গেলেন ট্রাম্প
এক টেলিভিশন সাক্ষাৎকার চলাকালে উপস্থাপকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে সাক্ষাৎকার অসমাপ্ত রেখেই বেরিয়ে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার নির্বাচনী ফলাফল প্রকাশে বিলম্ব নিয়ে আলোচনা করতে গিয়ে ট্রাম্প অভিযোগ করেন, ভোট গণনায় দীর্ঘসূত্রতার পেছনে নির্বাচনী অনিয়মের বিষয় জড়িত থাকতে পারে। তার দাবি, নির্বাচন শেষ হওয়ার কয়েক দিন পরও চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া স্বাভাবিক নয়।
জবাবে অনুষ্ঠানের উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার বলেন, ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে প্রাপ্ত ভোটসহ বিভিন্ন ধরনের ব্যালট যাচাই ও গণনার কারণে ফলাফল প্রকাশে তুলনামূলক বেশি সময় লাগে। এ সময় ওয়েলকার ট্রাম্পের কাছে নির্বাচনী কারচুপির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ রয়েছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করলেই বিষয়টি বোঝা যায়। তিনি বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের কথাও উল্লেখ করেন। তবে অভিযোগের সমর্থনে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করেননি।
পরবর্তীতে ওয়েলকার পুনরায় উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনী কারচুপির অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এতে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি কয়েকটি গণমাধ্যমের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম নির্বাচনী অনিয়মের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরছে না।
একপর্যায়ে আলোচনা তর্কে রূপ নিলে ট্রাম্প সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দেন। পরে তিনি নিজের মাইক্রোফোন খুলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সাক্ষাৎকার শেষে ওয়েলকার জানান, এই আয়োজনের জন্য তিনি উইসকনসিন সফর করেছিলেন। জবাবে ট্রাম্প বলেন, তিনি দীর্ঘ সময় ধরে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সংবাদমাধ্যমের আচরণে পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন।
মার্কিন গণমাধ্যমের সঙ্গে ট্রাম্পের উত্তেজনাপূর্ণ বাক্যবিনিময় নতুন কোনো ঘটনা নয়। সম্প্রতি এক সংবাদ সম্মেলনেও তিনি সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সের সমালোচনা করেন এবং সংবাদমাধ্যমটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন।