বিটিভি বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে বিনা খরচে: তথ্য প্রতিমন্ত্রী
আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তার দাবি, স্বচ্ছ ও ব্যয়-সাশ্রয়ী প্রক্রিয়ায় সম্প্রচার স্বত্ব অর্জন করায় রাষ্ট্রীয় টেলিভিশনকে এ জন্য কার্যত কোনো আর্থিক বোঝা বহন করতে হবে না।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অতীতের বিভিন্ন বিশ্বকাপ আসরে সম্প্রচার স্বত্ব অর্জনে বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের অভিযোগ থাকলেও এবার সরকার ভিন্ন পদ্ধতিতে বিষয়টি পরিচালনা করেছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে জটিল পরিস্থিতির মুখোমুখি হয়। ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান শুরুতে প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। তবে সরকার সেই প্রস্তাব গ্রহণ না করে সরাসরি ফিফার সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়।
তিনি জানান, এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং এর সভাপতি তাবিথ আউয়াল-কে সম্পৃক্ত করা হয়। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত স্বত্বমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।
তবে এই অর্থের প্রায় পুরোটা বিজ্ঞাপন, সম্প্রচার অধিকার এবং অন্যান্য বাণিজ্যিক অংশীদারিত্বের মাধ্যমে আদায় করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। টেলিযোগাযোগ কোম্পানি, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে সম্প্রচার-সংশ্লিষ্ট অধিকার বিক্রির মাধ্যমে ব্যয়ের অর্থ সংগ্রহ করা হয়েছে। ফলে বিটিভির নিজস্ব তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করতে হবে না বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রমকে জনকল্যাণমুখী রাখা সরকারের অন্যতম লক্ষ্য। বিশ্বকাপ সম্প্রচার সংক্রান্ত এ উদ্যোগ সেই নীতিরই প্রতিফলন। দেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে ইয়াসের খান চৌধুরী বলেন, সব ধরনের জটিলতা কাটিয়ে এবার দেশের কোটি দর্শক বিটিভির পর্দায় সরাসরি বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বিটিভির মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।