শান্তিরক্ষা মিশনে আত্মোৎসর্গকারী সদস্যদের স্মরণে বিশেষ আয়োজন
‘ইনভেস্ট ইন পিস’ প্রতিপাদ্যে পালিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মোৎসর্গকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২০২৫ সালে সুদানে নিহত ছয় সেনাসদস্যের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।
এছাড়া সুদানের হামলাসহ বিশ্বের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আহত হওয়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়। তাদের সাহস, আত্মত্যাগ ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একইসঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং বিভিন্ন মিশনে দায়িত্ব পালনকারী সদস্যদের কর্মকাণ্ড নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র ও উপস্থাপনা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তাদের অবদানের প্রশংসা করেন।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি শান্তিরক্ষীরা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছেন।