স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির সূচনা প্রধানমন্ত্রীর
‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত ‘National Level Startup, Science Project and Innovation Idea Showcasing’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে তিনি দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক সূচনা করেন।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন। এর আওতায় দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তব্যে তিনি বিজ্ঞানভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সরকারের পরিবেশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগ পরিচালনা করছে। পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট পাঁচ কোটি গাছ রোপণ করা হবে। চলতি বছরের কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।