আইনশৃঙ্খলা জোরদারে পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ৪১ পুলিশ বক্স স্থাপনের সিদ্ধান্ত
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আইজিপি বলেন, পূর্বাচলে দ্রুত বর্ধনশীল জনসংখ্যা ও নগরায়ণের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে এসব স্থাপনা নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি জানান, পুলিশের জন্য বরাদ্দ দেওয়া ২৯ দশমিক ২১ একর জমির মধ্যে ইতোমধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট জমির প্রক্রিয়াও চলমান রয়েছে।
মো. আলী হোসেন ফকির আরও বলেন, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির উদ্যোগও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।