আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটে সমাজে অবক্ষয় বাড়ছে: রিজভী
আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার অভাব সমাজে নৈতিক অবক্ষয় এবং মাদকের বিস্তারে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (১১ জুলাই) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শিক্ষকদের দক্ষতা ও পেশাগত প্রশিক্ষণের ঘাটতির কারণে দেশে টেকসই ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তিনি দাবি করেন, শিক্ষকতার প্রতি নিষ্ঠা ও পেশাগত অঙ্গীকার কমে যাওয়ায় শিক্ষাব্যবস্থার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, একজন শিক্ষক যত বেশি জ্ঞানী, দক্ষ ও অভিজ্ঞ হবেন, শিক্ষার্থীরা তত বেশি আলোকিত হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ঠিকাদার উদ্দেশ্যমূলকভাবে স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ করছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তি বলেও মন্তব্য করেন তিনি।
রিজভীর অভিযোগ, শিক্ষাখাতে সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ অনেক ক্ষেত্রে মাঠপর্যায়ে দায়িত্বহীনতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না। তিনি ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও পুরস্কারের আওতায় আনারও পরামর্শ দেন। স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম ও ঘুষের অভিযোগ তুলে তিনি বলেন, যোগ্য ও দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। একই সঙ্গে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, অতীতে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রতিষ্ঠানেও কর্তৃত্ববাদী সংস্কৃতির প্রভাব ছিল।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, বরং পেশাদার শিক্ষক হিসেবেই নিজেদের দায়িত্ব পালন করবেন-এটাই প্রত্যাশা। শিক্ষকদের রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত থাকার আহ্বান জানান তিনি।