জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক Nahid Islam-কে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন বিএনপি নেতা Rashed Khan। তিনি বলেছেন, নাহিদ ইসলাম সরাসরি দুর্নীতিতে জড়িত না থাকলেও ‘নৈতিক অপরাধ’ করেছেন। বুধবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাশেদ খাঁন এ মন্তব্য করেন। তিনি লেখেন, সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম দুর্নীতির প্রমাণ চাইলেও তার দায়িত্বকালীন সময়ে সরকারের বিভিন্ন ব্যক্তি ও ঘনিষ্ঠ মহলে দুর্নীতি ও তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, নাহিদ ইসলামের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) আতিক মোর্শেদের কর্মকাণ্ড নিয়েও গণমাধ্যমে নানা অভিযোগ এসেছে। পাশাপাশি বিভিন্ন দপ্তরে নিজস্ব লোক বসানো এবং অন্য মন্ত্রণালয়ের রদবদলে প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, নাহিদ ইসলাম নিজেই স্বীকার করেছেন যে, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছেন। সেই উপদেষ্টাদের বিরুদ্ধেই বর্তমানে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে-এক্ষেত্রে দায়িত্ব এড়ানো যায় না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া এনসিপির অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ধনী ব্যক্তিদের কাছ থেকে পাওয়া সহায়তার উৎস ও উদ্দেশ্য নিয়েও স্বচ্ছতা থাকা উচিত। অন্তর্বর্তী সরকারের সময় বাণিজ্য উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গেও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তার দাবি, ওই নিয়োগের পেছনে রাজনৈতিক ও আর্থিক সম্পর্ক থাকতে পারে, যা তদন্তের দাবি রাখে।
তিনি আরও বলেন, দায়িত্বে থাকা অবস্থায় তথ্য মন্ত্রণালয়ে প্রত্যাশিত সংস্কার হয়নি। বরং পরবর্তী সময়ে নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। পোস্টের শেষাংশে রাশেদ খাঁন উল্লেখ করেন, বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ না করেই পদত্যাগ করায় নাহিদ ইসলাম নৈতিক দায় এড়াতে পারেন না।