সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে পুনরায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, ঘটনার সঙ্গে বুবলীর সম্পৃক্ততার প্রমাণ রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু অভিযোগ অস্বীকার করে বলেন, মিছিলে অর্থ জোগানের অভিযোগ ভিত্তিহীন এবং এর পক্ষে কোনো প্রমাণ নেই। তিনি আসামির পারিবারিক পরিস্থিতি বিবেচনায় জামিন প্রার্থনা করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৭ সেপ্টেম্বর তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি রাষ্ট্রবিরোধী মিছিল বের করে। মিছিলে উসকানিমূলক স্লোগান এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়।
ঘটনার সময় পুলিশ অভিযান চালিয়ে মিরাজুল ইসলাম ওরফে মিঠু নামে এক ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে বিস্ফোরক সামগ্রীর আলামত উদ্ধার করে।
এ ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই মিছিলে অর্থ জোগানের সঙ্গে বুবলীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় পুনরায় গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, তামান্না নুসরাত বুবলী বর্তমানে আরেকটি মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন।