পুলিশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, সাইবার ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো সুযোগ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে কার্যকর থাকবে। একই সঙ্গে বাহিনীর শৃঙ্খলা ও ‘চেইন অব কমান্ড’ বজায় রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এছাড়া পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে অপরাধের ধরন বদলে গেছে। সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার মোকাবিলায় বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশের দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় দুটি আধুনিক পুলিশ প্রশিক্ষণ একাডেমি স্থাপনের সিদ্ধান্তের কথাও জানান তিনি। এর মধ্যে একটি এলিট ফোর্সের জন্য এবং অন্যটি সাধারণ সদস্যদের প্রশিক্ষণে ব্যবহৃত হবে। পাশাপাশি এলিট ফোর্সের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা ও আধুনিকায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জমি পাওয়া সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ পুলিশ স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও রয়েছে। অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পুলিশকে ন্যূনতম বল প্রয়োগের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে হবে, তবে কোনো অবস্থাতেই মানবাধিকার লঙ্ঘনের সুযোগ নেই।
সাধারণ মানুষের সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডিসহ বিভিন্ন সেবা দ্রুত সময়ের মধ্যে দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে পর্যটন খাতের ভাবমূর্তি উন্নয়নে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি।