টিকা সংকট ও স্বাস্থ্য বাজেট বাড়ানোর দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ
হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করা, সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসা ইউনিট চালু এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে তারা প্ল্যাকার্ড হাতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে সম্প্রতি হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। তাদের দাবি, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। বক্তাদের অভিযোগ, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় টিকা সংগ্রহে অব্যবস্থাপনা ও অবহেলা এবং বর্তমান সরকারের কার্যকর উদ্যোগের ঘাটতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
তারা দ্রুত সব সরকারি হাসপাতালে ‘হাম কর্নার’ চালু, প্রয়োজনীয় আইসিইউ সুবিধা নিশ্চিত এবং আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে আগামী জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ এবং স্বাস্থ্য খাতে ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে সংগঠনটির একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়।