মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন এই বিএনপি নেতা।
শনিবার (১৬ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন আফরোজা আব্বাস। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল রয়েছে।
চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন তিনি। তার শারীরিক অগ্রগতিতে চিকিৎসক দল সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান আফরোজা আব্বাস।
তিনি আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকদের নির্দেশনায় প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে চলাফেরাও করছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, সোহেল আহমেদ, ইমরান আহমেদ, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, ফয়সালসহ মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী সাংবাদিকরা।
মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।