ইরান যুদ্ধ এবং ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে মার্কিন জনগণের সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথ জরিপ।
মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ওপর পরিচালিত জরিপে মাত্র ৩০ শতাংশ উত্তরদাতা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-এর যুদ্ধকে সমর্থন করেছেন। বিপরীতে ৬৪ শতাংশ জানিয়েছেন, তারা এ যুদ্ধের বিরোধী।
জরিপে আরও দেখা গেছে, ৫৭ শতাংশ মার্কিন নাগরিক ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ৩৭ শতাংশ এ সহায়তার পক্ষে মত দিয়েছেন।
তুলনামূলকভাবে ২০২৩ সালের নভেম্বর মাসে কুইনিপিয়াক ইউনিভার্সিটি পরিচালিত এক জরিপে গাজা যুদ্ধের শুরুর দিকে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার পক্ষে ছিলেন ৫১ শতাংশের বেশি মার্কিন ভোটার।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে বড় ধরনের বিমান হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
পরে এপ্রিল মাসে পাকিস্তান-এর মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও মাঝেমধ্যে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে, তবুও সামগ্রিকভাবে যুদ্ধবিরতি বহাল রয়েছে।
তবে শান্তি আলোচনা এখনও অচলাবস্থায় থাকায় ডোনাল্ড ট্রাম্প বারবার তেহরানে হামলার হুমকি দিয়ে আসছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।