বাংলাদেশে রাউটার বাজারে বড় সাফল্যের দাবি টিপি-লিংকের, বিক্রি ছাড়াল তিন কোটি
দেশের নেটওয়ার্কিং ডিভাইস বাজারে বড় সাফল্যের দাবি করেছে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান টিপি-লিংক। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে তাদের বিক্রি হওয়া রাউটারের সংখ্যা তিন কোটির বেশি ছাড়িয়েছে। রাজধানীর একটি রিসোর্টে আয়োজিত “বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণা কার্যক্রম উদ্বোধন” অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানের আয়োজন করে টিপি-লিংকের স্থানীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেড।
অনুষ্ঠানে টিপি-লিংক দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, তিন কোটি রাউটার বিক্রির এই অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে টিপি-লিংকের উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এক্সেল টেকনোলজিস লিমিটেডের নির্বাহী পরিচালক টিপু সুলতান বলেন, দেশের বাজারের আকার ও সম্ভাবনা বিবেচনায় স্থানীয়ভাবে উৎপাদন শুরু করা লাভজনক হতে পারে। তবে এজন্য সরকারের সহায়তা ও শিল্পবান্ধব নীতিমালা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, টিপি-লিংকের শীর্ষ ব্যবস্থাপনা সম্প্রতি বাংলাদেশ সফর করে সম্ভাব্য উৎপাদন কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করেছে। অনুকূল পরিবেশ তৈরি হলে দ্রুত উৎপাদন শুরু করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে টিপি-লিংক “এক গোল এক নেটওয়ার্ক” নামে বিশেষ প্রচারণা কার্যক্রম চালু করেছে। এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, গ্রাহক ও অংশীদারদের আস্থাই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি।
অনুষ্ঠানে টিপি-লিংকের বিভিন্ন সাব-ব্র্যান্ড ও প্রযুক্তিপণ্যও তুলে ধরা হয়। এর মধ্যে ছিল এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং সলিউশন, এআই-ভিত্তিক নিরাপত্তা ক্যামেরা, স্মার্ট হোম ডিভাইস এবং হোম নেটওয়ার্কিং ব্র্যান্ড।