ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমোদন ছাড়া রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সব সিদ্ধান্ত সর্বোচ্চ নেতার সম্মতি ও সমন্বয়ের মাধ্যমেই গ্রহণ করা হবে। খবর সামা টিভির।
পেজেশকিয়ান বলেন, “দেশ পরিচালনায় সমঝোতাভিত্তিক সিদ্ধান্ত ও সম্মিলিত শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, সমাজে বিভেদ সৃষ্টি করে এমন বক্তব্য বা অবস্থান শত্রুপক্ষের উদ্দেশ্যকে শক্তিশালী করে।
ইরানের প্রেসিডেন্ট জানান, তেহরান বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে দেশের সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে গোপন স্থানে অবস্থান করছেন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তার সঙ্গে যোগাযোগ অত্যন্ত সীমিত এবং বার্তা আদান-প্রদানে জটিল ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায়ও এই নিরাপত্তা ব্যবস্থা প্রভাব ফেলছে। কারণ, ওয়াশিংটনের পাঠানো প্রস্তাব সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে উত্তর আসতে দীর্ঘ সময় লাগছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও সর্বোচ্চ নেতার অবস্থান সম্পর্কে অবগত নন এবং তার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও নেই।