দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং একজনের মৃত্যুর ক্ষেত্রে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ মে সকাল ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে গত ৭১ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে। এর মধ্যে ৪৫৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৮৭ শিশুর মৃত্যুর ক্ষেত্রে হাম নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ শিশুর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে তিনজন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে দুইজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে নতুন করে হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১২৭ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ২৭ শিশু। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ভর্তি হয়েছে সর্বোচ্চ ৪২৭ শিশু। এরপর চট্টগ্রামে ২০৮, বরিশালে ১২৮ এবং খুলনায় ৯৫ জন ভর্তি হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪০৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চলতি বছরের ১৫ মার্চ প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত ৭১ দিনে মোট হাম ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭১৯ জনের শরীরে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪৭ হাজার ৬১৯ জন।