পল্লবীর শিশু রামিসা হত্যা মামলা, আদালতে জবানবন্দি বাবার
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন নিহত শিশুর বাবা ও মামলার বাদী আবদুল হান্নান মোল্লা।
মঙ্গলবার (২ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকীনের আদালতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়। এদিন মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, সাক্ষ্য প্রদানের সময় আবদুল হান্নান মোল্লা ঘটনার বিচার দাবি করেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। মামলায় আরও কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণেরও কথা রয়েছে।
এর আগে সোমবার (১ জুন) মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য ২ জুন দিন ধার্য করেন। মামলার নথি অনুযায়ী, এ ঘটনায় প্রত্যক্ষদর্শী, ফরেনসিক বিশেষজ্ঞ এবং তদন্ত কর্মকর্তাসহ মোট ১৮ জন সাক্ষী রয়েছেন। পর্যায়ক্রমে তাদের সাক্ষ্যগ্রহণ করা হবে।
আলোচিত এ মামলার বিচার কার্যক্রম শুরু হওয়ায় দ্রুত বিচার ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।