তিন মাসের মধ্যেই রামিসা হত্যা মামলার রায় কার্যকর সম্ভব: আইনমন্ত্রী
রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায় আগামী তিন মাসের মধ্যে কার্যকর করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। রোববার (৭ জুন) মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, মামলাটির বিচারিক কার্যক্রম আইনানুগ সব ধাপ অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। আদালতের দেওয়া রায়ে সরকার সন্তুষ্ট বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন।
রায় কার্যকরের বিষয়ে তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ার প্রতিটি স্তর সম্পন্ন না করে কোনো রায় বাস্তবায়ন করা হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করলে সরকারও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে সব আইনি প্রক্রিয়া শেষ করে তিন মাসের মধ্যেই রায় কার্যকর করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
আইনমন্ত্রী এ রায়কে দেশের বিচারিক ইতিহাসে দ্রুততম ও দৃষ্টান্তমূলক একটি বিচারিক প্রক্রিয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এর আগে রোববার বেলা ১১টার দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। আদালত মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রামিসা হত্যা মামলার রায় ঘোষণার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার ও রায় কার্যকরের প্রত্যাশা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।