টানা তিন দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে হ্রাস ১৫ হাজার টাকার বেশি
দেশের স্বর্ণের বাজারে মূল্যহ্রাসের ধারা অব্যাহত রয়েছে। সর্বশেষ তিন দফা মূল্য সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১৫ হাজার ৩৩৯ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে সর্বশেষ বুধবার (১০ জুন) নতুন করে ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।
বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত ৬ জুন স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭২ দফা স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বৃদ্ধি এবং ৩৫ বার দাম কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল। এদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বৃদ্ধি এবং ২১ বার হ্রাস পেয়েছে। গত বছর রুপার দাম ১৩ বার পুনর্নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।