দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮৫ জন।
শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এছাড়া সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ২৩১ জনে পৌঁছেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১৫ জন। এতে করে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬ জনে।
বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ দ্রুত ছড়ায় এবং শিশুদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সময়মতো টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন তারা।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, শিশুদের মধ্যে জ্বর, ফুসকুড়ি, চোখ লাল হওয়া বা কাশি দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য।