নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের অভিযোগের তদন্তে গিয়ে টহল পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক কনস্টেবলের কাছ থেকে একটি সরকারি শর্টগান ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা। পরে প্রায় চার ঘণ্টা পর ঘটনাস্থলের পাশেই একটি বেল গাছের নিচ থেকে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
শুক্রবার (১ মে) ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার হাবিব নগর রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সঙ্গে নিয়ে হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে গেলে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা এক কনস্টেবলের কাছ থেকে সরকারি শর্টগান ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) Tarek Al Mehdi জানান, ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সন্দেহভাজন তিনজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে।