মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হোসাইন (১৬) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবসে কাজ করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হোসাইন উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি কলেজমোড় এলাকার একটি ওয়ার্কশপে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওয়ার্কশপে কাজ করার সময় হোসাইন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহসিন রেজা জানান, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।