বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আসামি থাকা আট সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (১ মে) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি ইউনিটে থাকা একজন এবং কারাগার পার্ট-২-এ থাকা আরও সাতজন বন্দীকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার Abdullah Al Mamun বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর কারাগার থেকে একজন বন্দী মুক্তি পেয়েছেন এবং বাকি বন্দীরা অন্য ইউনিট থেকে মুক্তি পেয়েছেন।
কারা সূত্রে জানা যায়, বিস্ফোরক মামলার আট আসামির জামিননামা কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাদের মুক্তি দেওয়া হয়। এ সময় কারাফটকে স্বজনদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার Halima Khatun জানান, জামিনের কাগজপত্র যাচাই শেষে শুক্রবার সকালে একজন এবং বিকেলে ছয়জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
হত্যা মামলার বিচার শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া ২৭৮ জন আসামি খালাস পান।