জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের কঠোর গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে Rapid Action Battalion। শনিবার (২ মে) রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র MZM Entekhab Chowdhury।
তিনি বলেন, সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং জামিনে থাকা অপরাধীদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
রাজধানীর নিউমার্কেট এলাকায় সাম্প্রতিক টিটন হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, ঘটনার ছায়া তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র্যাবের একাধিক দল মাঠে কাজ করছে।
র্যাবের দাবি, শুধু এই হত্যাকাণ্ডে জড়িতরা নয়, জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়ানোর চেষ্টা করছে—এমন সবাইকে নজরদারির আওতায় আনা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো পর্যায়ের অপরাধীকে আইনের আওতায় আনতে র্যাব বদ্ধপরিকর বলেও উল্লেখ করা হয়।