হজ্ব যাত্রীর ফ্লাইট শেষ হলো আজ, সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী
চলতি বছরের পবিত্র হজ পালন উপলক্ষে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রী পরিবহনের সব ফ্লাইট সফলভাবে শেষ হয়েছে। এর মধ্য দিয়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত সব বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, ব্যবস্থাপনা সদস্যসহ মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন মক্কা থেকে জানান, বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন এবং হজ কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
হজ বুলেটিনে আরও বলা হয়, এ বছর মোট ২০১টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। সংশ্লিষ্টরা বলছেন, এবার হজযাত্রী পরিবহন কার্যক্রম তুলনামূলকভাবে সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক পরিবেশে সম্পন্ন হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এদিকে সৌদি আরবে অবস্থানকালে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ১৫ জন ও মদিনায় ৯ জন মারা গেছেন।
সবশেষ গত ২২ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) মৃত্যুবরণ করেন। হজ মৌসুমে মারা যাওয়া বাংলাদেশি হাজিদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হজ সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রচণ্ড গরম ও শারীরিক ক্লান্তির কারণে বয়স্ক হজযাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত হাজিদের স্বাস্থ্যসেবা, আবাসন ও পরিবহন ব্যবস্থাপনায় বাংলাদেশ হজ মিশন সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছে।