চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হলেন মাগুরার কৃতি সন্তান জয় চৌধুরী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক জয় চৌধুরী। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনের ফল শনিবার (৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী পেয়েছেন ২৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
অন্যদিকে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু। তার প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। শিবা শানু ও জয় চৌধুরী একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন এবং দুজনই জয় লাভ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে এবার ৪৮০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা উল্লেখযোগ্য উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয় চৌধুরী ভোটার ও সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিল্পীদের যে আস্থা ও সমর্থন তিনি পেয়েছেন, তা রক্ষায় আন্তরিকভাবে কাজ করবেন। আগামী দুই বছরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং শিল্পীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এদিকে জয় চৌধুরীর বিজয়ের খবরে তার জন্ম জেলা মাগুরায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শালিখা উপজেলার গাংরামপুর ইউনিয়নের পুলুম মধুখালি গ্রামের এই কৃতি সন্তানের সাফল্যে স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।