পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে জারি করা পৃথক আদেশে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখা-১ থেকে অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই বদলি অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুনর্বিন্যাস করা হয়েছে। যশোরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে মুন্সীগঞ্জে বদলি করা হয়েছে। একই জেলার আরেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে সংযুক্ত করা হয়েছে পুলিশ সদর দফতরে। এ ছাড়া মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে নারায়ণগঞ্জ-খ সার্কেলে এবং নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অপর এক আদেশে নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদকে মুন্সীগঞ্জ সদর সার্কেলে বদলি করা হয়েছে। এর আগে তাকে টাঙ্গাইলের গোপালপুর সার্কেলে বদলির নির্দেশ দেওয়া হলেও সেই আদেশ বাতিল করা হয়েছে।