আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার নতুন এক আন্তর্জাতিক সম্মাননা পাচ্ছেন। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ড গালা ২০২৬’ অনুষ্ঠান, যেখানে তাকে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ দেওয়া হবে। আয়োজকদের মতে, বিশ্ব বিনোদন জগতে দীর্ঘদিনের অবদান এবং পূর্ব ও পশ্চিমের চলচ্চিত্র ও সংস্কৃতির মধ্যে সংযোগ তৈরির স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
প্রিয়াঙ্কা চোপড়ার চলচ্চিত্রজগতে যাত্রা শুরু হয় ২০০২ সালে তামিল চলচ্চিত্র থামিজান দিয়ে। পরের বছর তিনি দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন। মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী এই অভিনেত্রী খুব দ্রুতই নিজের অভিনয় দক্ষতায় দর্শকপ্রিয়তা অর্জন করেন। তিনি ‘ফ্যাশন’, ‘বর্ফি!’, ‘মেরি কম’, ‘দ্য স্কাই ইজ পিংক’সহ একাধিক আলোচিত সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। প্রতিটি চরিত্রেই তিনি আলাদা মাত্রা যোগ করেছেন বলে মনে করেন সমালোচকরা।
হলিউডে তার যাত্রা শুরু হয় জনপ্রিয় টেলিভিশন সিরিজ কোয়ান্টিকো-এর মাধ্যমে। এরপর তিনি কাজ করেন সিটাডেল এবং ম্যাট্রিক্স রিসারেকশনস-এর মতো বড় আন্তর্জাতিক প্রযোজনায়। বর্তমানে তিনি ‘হুইটলি’ নামের একটি নতুন সিরিজে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা একজন প্রযোজক, গায়িকা ও লেখক হিসেবেও পরিচিত। তার প্রযোজনা সংস্থা পার্পল পেবল পিকচার্স আঞ্চলিক ভাষার গল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার কাজ করছে। এই প্রতিষ্ঠানের নির্মিত দ্য হোয়াইট টাইগার সিনেমাটি অস্কার মনোনয়নও পেয়েছিল।
তিনি দীর্ঘদিন ধরে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ-এর শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘পদ্মশ্রী’সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।
আয়োজকরা জানিয়েছেন, প্রায় ২৫ বছর ধরে তিনি বলিউড ও হলিউড-উভয় ক্ষেত্রেই সমান দক্ষতায় কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে নতুন প্রতিভা তুলে ধরার ক্ষেত্রেও তার প্রযোজনা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই অনুষ্ঠানে কিংবদন্তি অ্যাকশন তারকা জেট লি-কে ‘গোল্ড লিজেন্ড অনার’ এবং সিমু লিউ-কে ‘গোল্ড মোগল অনার’ প্রদান করা হবে। পাশাপাশি গায়িকা ইজেই এবং অভিনেতা চার্লস মেল্টনকেও বিভিন্ন বিভাগে সম্মানিত করা হবে। সব মিলিয়ে ‘গোল্ড গালা ২০২৬’ বিশ্ব সংস্কৃতি, বিনোদন এবং সৃজনশীলতার এক বড় আন্তর্জাতিক আয়োজন হতে যাচ্ছে। আর সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার এই সম্মাননা দক্ষিণ এশীয় শিল্পীদের জন্যও এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।