দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে একজোট হয়েছেন দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ। তারা নিজেদের রাজনৈতিক দল একীভূত করে নতুন একটি নির্বাচনী জোট গঠনের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, ২০২৬ সালের অক্টোবরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই জোট গঠন করা হচ্ছে। এর মূল লক্ষ্য বর্তমান ক্ষমতাসীন জোট সরকারকে পরাজিত করা এবং রাজনৈতিক পরিবর্তন আনা।
নাফতালি বেনেট জানিয়েছেন, নতুন এই রাজনৈতিক জোটের নাম রাখা হয়েছে ‘টুগেদার’ (একত্রে)। তিনি নিজেই এ জোটের নেতৃত্ব দেবেন বলে নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিনের শাসনব্যবস্থা নিয়ে সমালোচনা করে বলেন, বহু বছর পর এখন রাজনৈতিক পরিবর্তনের সময় এসেছে এবং দেশের নীতিনির্ধারণে নতুন দিকনির্দেশনা প্রয়োজন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ এবং বিচার বিভাগীয় সংস্কার ইস্যুতে চাপের মুখে থাকা নেতানিয়াহুর জন্য এই নতুন জোট বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিরোধী ভোট একীভূত করতে পারলে আগামী নির্বাচনে ক্ষমতার পালাবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে, ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে এই জোট গঠনের ঘোষণা নতুন করে উত্তেজনা তৈরি করেছে। রাজনৈতিক অঙ্গনে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আসন্ন নির্বাচন এবং সম্ভাব্য জোট-রাজনীতি।