পুলিশের পোশাকে আবার পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের বর্তমান নতুন পোশাক মানানসই নয় এবং এটি নিয়ে সন্তুষ্টি নেই। তাই পুলিশের শার্টের রঙ আগের মতো নেভি ব্লু রাখা হচ্ছে, আর প্যান্ট হবে খাকি রঙের।
সোমবার সচিবালয়ে রোহিঙ্গা সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর জন্য একটি ঐতিহ্যবাহী ও মানানসই পোশাক নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হয়েছে। তবে নতুন পোশাক চালু করতে কিছুটা সময় লাগবে, কারণ কাপড় তৈরি ও প্রস্তুতির বিষয় রয়েছে।
এ সময় তিনি জানান, পুলিশ প্রশাসনে বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত ব্যবস্থা ও অবসর নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। এগুলো আইন ও বিধি মেনেই করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে বিশেষ যৌথ অভিযান চলছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। ক্যাম্প এলাকায় মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।