শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্বের অন্যতম সেরা শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সব ধরনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই মেধা রয়েছে, আমাদের সেই প্রোগ্রাম রয়েছে এবং সেই ইচ্ছাশক্তিও রয়েছে।”
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। তিনি জানান, বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজকে বাংলাদেশে আকৃষ্ট করার লক্ষ্যে কাজ চলছে।
ড. এহছানুল হক মিলন বলেন, একসময় বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য ছিল এবং ভবিষ্যতেও সেই অবস্থানে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে পড়াশোনা শেষে শিক্ষার্থীদের দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে স্টেকহোল্ডারদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, স্কলারশিপ প্রদান এবং ট্রাস্টভিত্তিক পরিচালনার বিষয়গুলোও সরকার পর্যালোচনা করবে।
শিক্ষামন্ত্রী দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। একইসঙ্গে তিনি বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষাখাত উন্নয়নে গভীর আগ্রহী ছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রীও শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন।
তিনি আরও বলেন, সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় সংস্কার নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ও ইউজিসি চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সভাপতি মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান।