ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়া শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে ডিএমপির আওতাধীন এলাকায় এ কার্যক্রম চালু করা হয়েছে। এর ফলে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় সংশ্লিষ্ট চালক বা মালিকের অজান্তেই ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে মামলা রেকর্ড হবে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার Md. Anisur Rahman জানান, ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে অটো জেনারেটেড মামলা দেওয়া শুরু হয়েছে। পরে সংশ্লিষ্ট মালিক ও চালকদের ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হবে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধে হাজিরা না দিলে পরবর্তী ধাপে সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা জারির কার্যক্রম নেওয়া হবে।
এর আগে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Md. Sarwar স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সিগন্যাল এলাকায় উন্নত প্রযুক্তির এআইসমৃদ্ধ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এসব ক্যামেরার মাধ্যমে লাল বাতির সিগন্যাল অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং, লেফট লেন ব্লক করা এবং যত্রতত্র যাত্রী ওঠানো-নামানোর মতো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে ডিজিটাল প্রসিকিউশন বা মামলা দেওয়া হচ্ছে।
ডিএমপি আরও জানিয়েছে, মামলা সংক্রান্ত জরিমানা শুধুমাত্র নির্ধারিত ব্যাংক বা মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পরিশোধ করতে হবে। এ ছাড়া কোনো ব্যক্তি বা চক্র ভিডিও মামলা সংক্রান্ত নামে অর্থ দাবি করলে বা প্রতারণার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।