জনপ্রিয় কনটেন্ট নির্মাতা, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মৃত্যুতে শোক নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্র জানিয়েছে, হেপাটাইটিস এ ও ই ভাইরাসে সংক্রমিত হওয়ার পর তার লিভারের অবস্থা দ্রুত অবনতি ঘটে। শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়লে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে এনে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে চিকিৎসা চলাকালে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। পরে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টাও তাকে বাঁচাতে পারেনি।
কারিনার স্বজন কায়সার হামিদ জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রোববার দুপুরে তার মরদেহ দেশে আনা হবে। বাদ আসর ঢাকার ডিওএইচএস মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মুন্সিগঞ্জের গজারিয়ায় নানাবাড়ি এলাকায় তাকে দাফন করা হবে।
ডিজিটাল কনটেন্ট নির্মাণের পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্য রচনায়ও নিজস্ব দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন কারিনা কায়সার। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এ তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তার অকাল মৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মাঝে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।