চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
রাজধানীর চকবাজার এলাকার খাজা মার্কেটে অবস্থিত আশিক টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, দুপুর ১টা ৪৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে এনে যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।