উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন শেহবাজ শরিফ ও মাসউদ পেজেশকিয়ান। রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
শেহবাজ শরিফ বলেন, আলোচনায় তিনি সম্প্রতি সৌদি আরব, কাতার এবং তুরস্ক-এর নেতাদের সঙ্গে তার বৈঠকের বিষয়গুলো ইরানের প্রেসিডেন্টের সঙ্গে শেয়ার করেছেন।
তিনি আরও জানান, ইসলামাবাদে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আলোচনায় ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের অংশগ্রহণ এবং তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির-এর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসলামাবাদ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। একই সঙ্গে সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই উচ্চপর্যায়ের যোগাযোগ কূটনৈতিক তৎপরতা জোরদারের ইঙ্গিত দিচ্ছে।