ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড দুই দিনব্যাপী প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের নারী নেত্রীরা অংশ নেন। সাক্ষাৎকারে তারা দলীয় আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
সাক্ষাৎকারের শেষ দিনে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।
মনোনীতদের তালিকা:
সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
দলীয় সূত্র জানায়, মনোনয়ন প্রক্রিয়ায় প্রার্থীদের সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলীয় অবদানকে গুরুত্ব দেওয়া হয়েছে।