সংরক্ষিত নারী আসনের প্রস্তাব পেয়েও তা প্রত্যাখ্যান করেছেন তাসনিম জারা। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে তিনি বলেন, সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব পেলেও নীতিগত কারণে তা গ্রহণ করেননি। তার মতে, সংরক্ষিত নারী আসন দলীয় মনোনয়নের পরিবর্তে সরাসরি জনগণের ভোটে পূরণ হওয়া উচিত। এ অবস্থান থেকে সরে আসা তার পক্ষে সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
তাসনিম জারা জানান, সংসদে গিয়ে মানুষের পক্ষে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। তবে তিনি দীর্ঘদিন ধরে সংরক্ষিত আসন ব্যবস্থার সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে আসছেন এবং সে অনুযায়ী কাজও করেছেন। তিনি আরও বলেন, যারা সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদে যাচ্ছেন তাদের নিয়ে তার কোনো নেতিবাচক মন্তব্য নেই। তাদের অনেকেই যোগ্য এবং তাদের সফলতা কামনা করেন। তবে তার আপত্তি কাঠামোগত ব্যবস্থার প্রতি।
তার ভাষায়, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি সরাসরি ভোটারদের কাছে জবাবদিহি করেন এবং প্রয়োজনে দলীয় অবস্থানের বিরুদ্ধেও কথা বলতে পারেন। কিন্তু দলীয় মনোনয়নে আসা প্রতিনিধিদের সেই জবাবদিহির সুযোগ সীমিত থাকে।
ভবিষ্যতেও জনগণের ভোটেই সংসদে যেতে চান জানিয়ে তিনি বলেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সীমিত প্রচারণা চালিয়েও তিনি উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন। সংসদের বাইরে থেকেও মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।