ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক পর্যায়ে জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ২৫ মিনিটে যুক্তরাষ্ট্রের মানদণ্ডভিত্তিক অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারের আরেকটি প্রধান মানদণ্ডভিত্তিক অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৬৩ ডলারে দাঁড়ায়।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা ও নৌ চলাচল নিয়ে অনিশ্চয়তার কারণেই বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা হবে না। তবে দিনের পরবর্তী সময়ে তেলের দাম কিছুটা কমে আসে। তবুও যুদ্ধ পরিস্থিতি পুনরায় জটিল হতে পারে-এমন আশঙ্কায় বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।