ইন্দোনেশিয়ার রাজধানী Jakarta-র উপকণ্ঠ Bekasi শহরের একটি রেলস্টেশনের কাছে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জনের বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে একটি কমিউটার ট্রেন ও একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
কমিউটার লাইন অপারেটরের মুখপাত্র কারিনা আমান্দা জানিয়েছেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত রেলওয়ে কোম্পানি Kereta Api Indonesia (কেএআই) জানিয়েছে, আহত অন্তত ৮৪ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা BASARNAS-এর প্রধান মোহাম্মদ স্যাফি জানান, দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে সংকীর্ণ স্থান ও বগিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে উদ্ধার কার্যক্রম জটিল হয়ে পড়েছে।
তিনি আরও জানান, আটকে পড়াদের নিরাপদে বের করতে ধীরগতিতে কাজ করতে হচ্ছে। ইতোমধ্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দুটি আলাদা করা হয়েছে এবং ধাতব কাঠামো কাটতে অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করা হচ্ছে। এর আগে কেএআই-এর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫ জন নিহত ও ৭৯ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছিল। তবে পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়।