দেশে জ্বালানি চাহিদা মেটাতে এক লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী Amir Khosru Mahmud Chowdhury-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকটি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধঘিরে অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জরুরি জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে মাজেদা অয়েল কোম্পানি লিমিটেড থেকে ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম মানের ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে গত ২১ এপ্রিল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া দ্রুততর করতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিনে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে সরবরাহ নিশ্চিত রাখতে সরকার দ্রুত আমদানির উদ্যোগ নিয়েছে।